জ্বালানির দাম নিয়ে তথ্য বিকৃতি করছেন তথ্যমন্ত্রী: নজরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জ্বালানির দাম নিয়ে তথ্য বিকৃতি করছেন তথ্যমন্ত্রী: নজরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ

 

পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম, এমন তথ্য দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তথ্য বিকৃতি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, তথ্যমন্ত্রী বলেছেন- জ্বালানির দাম বাড়িয়েও পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে দাম এখনো কম। এভাবে তিনি ও সরকার প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করছেন। তারা ভুল তথ্য দিয়ে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করছেন। এখানে সত্য প্রচারে চ্যালেঞ্জ রয়ে যায়।

রোববার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ‘বাংলাদেশ টাইমলাইন ডটকমে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম অনেক বেশি। ভারতেও আমাদের চেয়ে দাম কম। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো আন্দোলন বিধ্বস্ত দেশেও জ্বালানির দাম কম। এ সময় একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, অগণতান্ত্রিক সরকারের শাসনামলে নতুনভাবে সংবাদ মাধ্যমের আত্মপ্রকাশ অত্যন্ত চ্যালেঞ্জের। সংবাদ ও মতামতের মধ্যে বিস্তর পার্থক্য আছে। সংবাদকে সংবাদ হিসেবে লিখতে হবে। সেখানে মতামত দিলে সংবাদ হয় না। কিন্তু আজকাল সংবাদে মতামত দেখা যায়। সুতরাং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বেশ চ্যালেঞ্জিং। জনগণ বা পাঠক সত্য জানতে চায়। তারা তখনই সংবাদপত্র কিনেন বা ভিজিট করেন যখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হয়। কোনো ভুল তথ্য যেন পরিবেশন করা না হয় সেদিকে সাবধান থাকতে হবে। সত্য প্রচারে ও প্রকাশে সচেষ্ট হতে হবে।

তিনি আরও বলেন, আজকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের নামে গণমাধ্যমকে চাপে রাখা হয়েছে। যে কারণে সরকারের মিথ্যাচার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সমালোচনা করা বা লেখা হয় না।

মাহমুদুর রহমান মান্না বলেন, ডিজিটাল মিডিয়ার যুগে খুব সহজেই আমরা এক প্রান্তের খবর পেয়ে যাচ্ছি। কিন্তু সেটা কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে কথা থেকেই যায়। সেই জায়গায় নতুন মিডিয়া বাংলাদেশ টাইমলাইন ডটকমের দায়িত্ব অনেক।

বাংলাদেশ টাইমলাইন ডটকমের সম্পাদক ও প্রকাশক মামুন বিন আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংবাদিক ফারুক হোসাইনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বহ্নিশিখা জামালী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, সাংবাদিক শাহনাজ পলি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ