যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিএনপিকে কেউ ভাঙতে পারবে না: দুলু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিএনপিকে কেউ ভাঙতে পারবে না: দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যত দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে ততদিন কেউ জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপিকে ভাঙতে পারবে না। এ দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়াউর রহমানের পরিবার।

তিনি বলেন, জিয়াউর রহমানের গড়া বাড়ি থেকে তারা বেগম খালেদা জিয়াকে জোর করে বের করে দিয়েছে। তার ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতি না করলেও তাকে অবহেলা করে চিকিৎসার নামে বাহিরে পাঠিয়ে হত্যা করা হয়েছে।

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের কানাইখালিতে নাটোর প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, আওয়ামী লীগের বাকশালী তন্ত্রের কারণে দেশের তখনকার সাড়ে সাত কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছিল। তাদের হাত থেকে রক্ষার জন্য দেশের চরম দুঃশাসন ও দুর্বিষহ অবস্থায় ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির জন্ম দিয়েছিল। তার কিছুদিন পরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে মুছে দেবে।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের নায়কেরা খালেদা জিয়াকে জেলখানায় আটকে রেখে তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে দেশ ছাড়া করল। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ক্ষমতায় হাজার বিএনপি নেতাকর্মীকে খুন করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে হামলা মামলা নির্যাতন করা হয়েছে। শত শত নেতাকর্মীকে গুম করেছে।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

আয়োজিত জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

জনসভায় দুলু আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে বঞ্চিত কোনো নেতাকর্মী ও তার পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপির নাম দিয়ে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি, দখল সন্ত্রাস করলে ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দিলে কোনোভাবেই তা মানা হবে না। ধানের শীষের প্রতীক নিয়ে নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্যও দুলু আহ্বান জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ