সাদা পাথর লোটের নেপথ্য নায়ক আটক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাদা পাথর লোটের নেপথ্য নায়ক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সিলেটের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। গেল ১ বছর ধরে বিরামহীনভাবে লুটপাটে ক্ষতবিক্ষত হয়েছে পর্যটন কেন্দ্রটি। লুটপাটের ঘটনার শুরু থেকেই জড়িত থাকায় সমালোচনা তুঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন।

সমালোচনার মুখে তার সব দলীয় পদ স্থগিত করেছে বিএনপি। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। অবশেষে শনিবার রাতে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও নগরীর কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। দীর্ঘদিন ধরে পলাতক বিএনপি নেতা সাহাব উদ্দিন ওই এলাকায় অবস্থান করছিলেন। অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আলোচিত সাদাপাথর লুট ছাড়াও আরও সাতটি মামলা রয়েছে। সাদাপাথর লুটপাটে সম্পৃক্ত থাকায় কেন্দ্র থেকে তার দলীয় সব পদ স্থগিত করা হয়। এরপর দুদকের প্রাথমিক তদন্তে সাদাপাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম রয়েছে।

প্রসঙ্গত, কর্মজীবনে আশির দশকে একজন কাঠুরিয়া ছিলেন সাহাব উদ্দিন। সম্পৃক্ত হন ভারতীয় পণ্য ও স্বর্ণ চোরাচালানে সঙ্গে। একপর্যায়ে শত শত বিঘা সরকারি খাসজমি দখল করে হয়ে যান কোটি কোটি টাকার মালিক। এরপর রাজনৈতিক ও ব্যবসায়িক নেতা বনে যান। গেল বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের কারণে নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর, রোপওয়ে বাঙ্কার, পুলিশ ফাঁড়িসহ অসংখ্য স্থাপনা লুটপাট ও হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ