ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৫, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। কিন্তু এখানেও ব্যর্থ লিটন দাসের দল। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। ৫ উইকেটের জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। দলের হয়ে একাই লড়াই করেন ওপেনার তানজিদ তামিম। তার ব্যাট থেকে আসে ৬২ বলে ৮৯ রান। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে তারা।

বোলিংয়ে শুরুটা ভালোই করেছিলেন শেখ মেহেদি ও শরিফুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু স্লিপে থাকা সাইফ হাসানের ক্যাচ মিসে হাতছাড়া হয় সেটি। তবে পরের ওভারেই আলিক আথানজেকে আউট করে প্রথম সাফল্য এনে দেন মেহেদি।

দ্বিতীয় উইকেটটি আসে আরেক স্পিনার নাসুম আহমেদের হাতে। ৭ বলে ৮ রান করা ব্রেন্ডন কিংকে ফেরান তিনি। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু এরপর রোস্টন চেস ও আকিম অগাস্টের ৯১ রানের জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় লিটনরা।

দুজনেই পেয়েছেন অর্ধশতক। ৫০ রান করে চেস ফিরলেও তার আগেই ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। অগাস্টে করেন ২৫ বলে ৫০ রান। পরপর দুজন ফিরে গেলেও জয়ের কাজটা সহজেই শেষ করেন রভম্যান পাওয়েল ও গুড়াকেশ মোতি।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা দেখে-শুনে করার চেষ্টা করেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। প্রথমবার একাদশে সুযোগ পাওয়া ইমন ১০ বলে ৯ রান করে ফিরলেও তানজিদ নিজের ইনিংসটা বড় করেন।

তিনে নামা লিটন দাস আক্রমণাত্মক খেলার চেষ্টা করেও ব্যর্থ হন। ৯ বলে করেন মাত্র ৬ রান। চারে নামা সাইফ হাসান কিছুটা সঙ্গ দিলেও (২২ বলে ২৩) বাকিরা ছিলেন একেবারেই ব্যর্থ। নুরুল হাসান সোহান ও জাকের আলি রানশূন্য ফেরায় দলের সংগ্রহ বড় হয়নি। তানজিদের একার লড়াইয়েই শেষ পর্যন্ত ১৫১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ