মনোনয়ন বঞ্চিত হয়ে ধানক্ষেতে অভিনব প্রতিবাদ আলাল উদ্দিনের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মনোনয়ন বঞ্চিত হয়ে ধানক্ষেতে অভিনব প্রতিবাদ আলাল উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দলীয় মনোনয়ন না পেয়ে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ’ চেয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলাল উদ্দিন আলাল। কিন্তু গত (৩ নভেম্বর) দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তার নাম না থাকায় তিনি মনোনয়ন বঞ্চিত হন। এ ঘটনায় প্রতিবাদ জানাতে অভিনব পন্থা নেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ’ ভঙ্গির একটি ছবি পোস্ট করে আলাল উদ্দিন লিখেছেন, ‘নো ক্যাপশন।’ ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই আলালের এই ভিন্নধর্মী প্রতিবাদকে “রাজনৈতিক প্রজ্ঞার উদাহরণ” হিসেবে আখ্যা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, “ফেনীর মানুষ সব সময়ই ভিন্নভাবে প্রতিবাদ জানায়। আমিও চেয়েছি নতুনভাবে দলের দৃষ্টি আকর্ষণ করতে। আগামী প্রজন্ম জানুক, শান্তিপূর্ণ প্রতিবাদেরও শক্তি আছে।”

তিনি আরও বলেন, “আমি চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেনী-২ আসনের প্রার্থীতা পুনর্বিবেচনা করুন।”

আলালের ঘনিষ্ঠজনরা জানান, তিনি দলের সদস্যসচিব হিসেবে দীর্ঘদিন মাঠে ছিলেন এবং একাধিক হামলা-মামলার শিকার হয়েছেন। ফলে মনোনয়ন তার প্রাপ্য ছিল বলে তারা মনে করেন।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ফেনী-১ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে অধ্যাপক জয়নাল আবদীন ভিপি এবং ফেনী-৩ আসনে আব্দুল আউয়াল মিন্টু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ