জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বিকল্প নেই : আমির খসরু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বিকল্প নেই : আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানকে সমন্বয় করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে ব্যর্থ হলে জাতীয় উন্নয়নই স্থায়িত্ব পাবে না। বিএনপির সরকার গঠন করতে পারলে গ্রামীণভিত্তিক কর্মসংস্থানের উদ্যোগ নেবে, তখন কাউকে কর্মসংস্থানের জন্য ঢাকা ও চট্টগ্রামে আসতে হবে না।’

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘দক্ষ জনশক্তি-দেশগঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকার গঠনের এক বছরের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এর জন্য আইটি সেক্টর, কলসেন্টার, নার্সিং, প্রচলিত কুটিরশিল্প আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। যাতে তাদের তৈরি পণ্য ব্র্যান্ডিং পায়।’

সেবাগ্রহীতাদের সরকারি দপ্তরে ধরনা দেওয়ার অর্থ হলো হয়রানি ও দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবার সুযোগ জনগণের নিকট পৌঁছে দেওয়া হবে। এতে অর্থ ও সময়ের অপচয় কমে আসবে।’

তিনি বলেন, ‘ঢাকায় বসে নয় জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করতে হবে। জনগণের মালিকানা জনগণের নিকট পৌঁছে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য। বিএনপি ক্ষমতায় এলে কোনো মেগাপ্রকল্প নেওয়া হবে না। জাতীয় বাজেটের ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় করা হবে।’

আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ