ডাকসু ও জাকসুর শীর্ষ পদে নির্বাচিতরা ছাত্রলীগে ছিলেন : নাছির - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৩, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসু ও জাকসুর শীর্ষ পদে নির্বাচিতরা ছাত্রলীগে ছিলেন : নাছির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিতরা পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে এসব পদে নির্বাচিত সবাই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকে হলে অবস্থান করেছেন এবং তাদের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন নানা অনিয়মে জর্জরিত ছিল। আমরা দেখেছি, ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা স্বৈরশাসকের আমল থেকেই পরিচয় গোপন করে হলে অবস্থান করেছে এবং ছাত্রলীগের সঙ্গে যুক্ত থেকে নানা অপকর্মে লিপ্ত ছিল। জুলাই আন্দোলনে তাদের কাউকেই রাজপথে দেখা যায়নি। অথচ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী তখন শহীদ হয়েছেন এবং অসংখ্য কর্মী এখনো আহত অবস্থায় সুস্থ হওয়ার অপেক্ষায় আছেন।

ছাত্রদল নির্বাচনে পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, বিগত সময়ে ছাত্রদলের সঙ্গে যুক্ত থাকার কারণে অসংখ্য নেতাকর্মী বিনা কারণে জেল-জুলুমের শিকার হয়েছেন। একজন কর্মীও হলে অবস্থান করতে পারেননি, বঞ্চিত হয়েছেন মৌলিক অধিকার থেকে। তবুও এই নির্বাচনের মাধ্যমে আমরা সংগঠনকে আরও সুসংগঠিত করতে পেরেছি। ভবিষ্যতে জাতীয়তাবাদী ছাত্রদল দেশের প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে আরও ভালো ফলাফল অর্জন করবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, ফোকলোর বিভাগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলিম, জিয়া পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ