যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে আবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রার্থী সংস্কারপন্থি নেতা মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তন করে ত্যাগী নেতাদের থেকে একজনকে মনোনয়ন দেওয়ার আবেদন করেছেন উপজেলা বিএনপি, বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ ৮৯ নেতা।
রবিবার (১৬ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা এই আবেদন করেন।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনেরসমূহের নেতাদের পক্ষে যশোর-১ আসনে প্রাথমিকভাবে ঘোষিত সংস্কারপন্থি প্রার্থী পরিবর্তনের পুনঃবিবেচনার আবেদনে স্বাক্ষর করেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু।
তিনি বলেন, ‘আমাদের ৮৯ জন নেতার স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছি। কারণ যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার সঙ্গে দলের নেতা-কর্মী বা জনগণ, কারও সম্পর্ক নেই। এই আসন থেকে মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়ায় উপজেলার ৮০ শতাংশ দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভ ও হতাশা নেমে এসেছে। বিগত ১৭ বছর নেতা-কর্মীদের দুর্দিনে-বিপদে তিনি পাশে ছিলেন না। মামলা হামলায় কখনো পাশে দাঁড়াননি। এমনকি আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতেও তার কোনো ভূমিকা ছিল না। এমন প্রার্থীর পক্ষে কর্মীদের মাঠে নামানো কঠিন।’
তিনি আরও বলেন, ‘আমাদের কোনো পছন্দের প্রার্থী নেই। দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা যেকোনো নেতাকে মনোনয়ন দেওয়া হোক, তার পক্ষে আমরা নির্বাচন করব। শার্শা উপজেলা বিএনপি, বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের ৮৯ জন নেতা প্রার্থী পুনঃবিবেচনার আবেদনে স্বাক্ষর করেছেন। আমরা মনে করছি জামায়াতের প্রার্থীর বিপরীতে মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করা অসম্ভব। তার জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে আমরা নতুন প্রার্থী প্রত্যাশী।’
জনতার আওয়াজ/আ আ