মাগুরা-২ আসনে মনোনয়নের দাবিতে জনসভা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাগুরা-২ আসনে মনোনয়নের দাবিতে জনসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

 

মাগুরা প্রতিনিধি

ছবি: সংগৃহীত
মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়ন দাবিতে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল। তার উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। আয়োজকরা জানান, অর্ধলক্ষাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এই সমাবেশ প্রমাণ করে তৃণমূলে তিনি এখনও ব্যাপক জনপ্রিয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা বিএনপি এবং দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির নেতারা।
সভাপতিত্ব করেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মুন্সী আনিসুর রহমান মিলটন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক নেতা শহীদুজ্জামান শহীদ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন, মাগুরা-২ আসনে ধানের শীষের মনোনয়ন না পেলেও জনগণ যদি চান তবে আমি নির্বাচনে অংশ নেব। দলীয় সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তবে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।

তিনি আরও জানান, নির্বাচনি এলাকার ১৯টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫০১ জন প্রতিনিধি কেন্দ্রীয় কমিটির কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করেছেন। তিনি বলেন, যে প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের যোগাযোগ নেই, তাকে মনোনয়ন দিলে এ আসনে পরাজয়ের ঝুঁকি রয়েছে।

তার বক্তব্যের সময় নেতাকর্মীরা ‘নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিতে স্লোগান তুললে তিনি বলেন, আমরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছি। তবে কেন্দ্র যদি মনোনয়ন না দেয়, আর জনগণ যদি আমাকে চায় আমি নির্বাচন করব।

সভায় উপস্থিত নেতাকর্মীরা একযোগে তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে স্লোগানে পুরো মাঠ প্রকম্পিত করে তোলেন।

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের এই নির্বাচনি ঘোষণা এলাকায় নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলে তার জনপ্রিয়তা ও আজকের বিপুল জনসমাগম স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সারা দেশে ২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। সেই ঘোষণায় মাগুরা-২ আসন থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ