সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে ৫০০ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মোকামবাজারের ‘ভাদেশ্বর কুশিয়ারা মেডিকেল ক্লিনিকে’ এই সেবা দেওয়া হয়।

এ উপলক্ষে দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সর্বসাধারণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকারগুলো আগে প্রতিষ্ঠিত করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে সহযোগিতা করুন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের ভাগ্য বদলে যাবে।’

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন, যুবদল নেতা কামাল আহমদ, ভাদেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শিপন আহমদ, ছাত্রদল নেতা শিমুল আহমদ প্রমুখ।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে গোলাপগঞ্জের বরায়া এলাকার হাজিপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তখন তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই একসময় দেশের হাল ধরবে। তাই সঠিকভাবে পড়ালেখা করতে তবে। অযথা মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে শরীর-মন দুটোই সুস্থ থাকে।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াই প্রথম মেয়েদের বিনা বেতনে প্রাইমারি ও মাধ্যমিকে পড়ালেখার সুযোগ করে দিয়েছিলেন। বিএনপি যতবারই ক্ষমতায় গিয়েছে, শিক্ষা খাতে বেশি বরাদ্দ দিয়েছে। আগামীতেও এর ব্যতিক্রম হবে না। আপনারা আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেও শিক্ষা খাতে বেশি বরাদ্দ নিয়ে আসব। দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন হবে ইনশাআল্লাহ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ