ভারতীয় সিনেমায় আয়ে প্রিয়াঙ্কার রেকর্ড - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতীয় সিনেমায় আয়ে প্রিয়াঙ্কার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বলিউডের ‘দেশি গার্ল’ ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। কয়েক বছর ধরেই নিজ দেশের চেয়ে হলিউডেই বেশি ব্যস্ততা তার। এবার দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন এই তারকা অভিনেত্রী। বিখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘বারাণসী’-এর মাধ্যমে ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন করছেন প্রিয়াঙ্কা।

ছবিটিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও থাকছেন দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। ছবির নাম উন্মোচনের পর থেকেই চলচ্চিত্রটি ব্যাপক চর্চায় রয়েছে।

এদিকে পারিশ্রমিকের দিক থেকেও প্রিয়াঙ্কা গড়েছেন নতুন রেকর্ড। এ ছবির মাধ্যমে দুই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকে ছাড়িয়ে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রী বনে গেছেন ‘দিল ধাড়াকনে দো’ খ্যাত এ তারকা। ‘বারাণসী’-তে তার চরিত্রের নাম মন্দাকিনী। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ চরিত্রে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা ৩০ কোটি রুপি দাবি করেছেন।

গত পরশু প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে বারাণসীর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেখানে তাকে তেলেগু ভাষায় মহড়া দিতে দেখা যায়। তিনি জানান, সিনেমায় তেলেগু ভাষায় কথা বলার তুলনায় তেলেগুতে সরাসরি দর্শকদের সামনে কথা বলা আমার কাছে আরও বেশি কঠিন মনে হয়েছে।

ছবির প্রযোজক কে এল নারায়ণ প্রিয়াঙ্কার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউডে গিয়ে বিশ্বজুড়ে তিনি খ্যাতি অর্জন করেছেন। এসবই তিনি প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন। তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের মানকে বদলে দিয়েছেন। আমাদের ছবির নায়িকা হতে সম্মত হওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

‘বারাণসী’কে এস এস রাজামৌলি ও মহেশ বাবুর ক্যারিয়ারের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। ভক্তরা বহুদিন ধরেই এই দুই তারকাকে এক সিনেমায় দেখার অপেক্ষায় ছিলেন, ফলে ছবিটি ঘিরে প্রত্যাশা এখন পারদসম। অস্কারজয়ী ‘আরআরআর’-এর পর রাজামৌলির নতুন এ প্রকল্প নিয়ে তাই আলোচনাও এখন তুঙ্গে।

সম্প্রতি প্রকাশিত ছবির পোস্টারেও রাজামৌলির সিনেমার শৈল্পিক ছাপ স্পষ্ট। বিষয়টি সিনেমাপ্রেমীদের মাঝেও নতুন উন্মাদনার তৈরি করেছে। তারকাখচিত ‘বারাণসী’ নিয়ে দর্শকদের প্রত্যাশাও আকাশচুম্বী এখন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ