কিশোরগঞ্জ-৫ ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে লাগাতার কর্মসূচি অব্যাহত রেখেছেন নেতা-কর্মীরা। এবার এই আসনের দুই উপজেলা বাজিতপুর ও নিকলীর সড়কে সড়কে হাতে হাত রেখে মানববন্ধন করেছেন তারা।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আড়াই ঘণ্টা সড়কে অবস্থান করে ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
এতে বাদ যাননি নারী কর্মীরাও। তারাও পাশাপাশি দাঁড়িয়ে ইকবালকে মনোনয়ন দেওয়ার পক্ষে আওয়াজ তুলেন।
বাজিতপুর পৌরসদরের বটতলা মোড় থেকে নিকলী উপজেলা সদরের শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্ট ছিল ‘দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক’, ‘এই আসনে প্রার্থী যারা, ইকবাল ভাই সবার সেরা’ ইত্যাদি স্লোগানে মুখরিত।
বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিটি ছিলো শনিবার জেলার রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা।
কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ এই দুটি আসনে এখনো দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়নি। ফলে এই দুই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা-কৌতুহলের অন্ত নেই। এর মধ্যে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে এই আসনে দলটির হাল ধরে রেখেছেন তিনি। স্বভাবতই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইকবালের পক্ষে সরব দলীয় নেতা-কর্মীরা।
মানববন্ধন কর্মসূচিতে বাজিতপুর অংশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সজল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুব বিষয়ক সম্পাদক রাফিদ রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, সদস্য ইফতিখার হায়দার ইফতি প্রমুখসহ অঙ্গসংগঠনের নেতারা।
অন্যদিকে নিকলীর অংশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা নেতৃত্ব দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, শেখ মজিবুর রহমান ইকবাল দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর ও নিকলী এই দুই উপজেলার বিএনপির নেতা-কর্মীদের সুখে-দুঃখে ছিলেন এবং রয়েছেন। কিশোরগঞ্জ জেলার মধ্যে বিএনপির সবচেয়ে উর্বর আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫। এই আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এই আসনে বিএনপির প্রাণপুরুষ শেখ মজিবুর রহমান ইকবাল। এ আসনের জনগণ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না তৃণমূলের নেতা-কর্মীরা। তাই অবিলম্বে এ আসনে দলীয় প্রার্থী হিসেব শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার জন্য নেতাকর্মীরা বিএনপির হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ