বরিশাল-৩ আসন প্রার্থীশূন্যতায় বিএনপিতে হতাশা, সক্রিয় জামায়াত-ইসলামী আন্দোলন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশাল-৩ আসন প্রার্থীশূন্যতায় বিএনপিতে হতাশা, সক্রিয় জামায়াত-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনে দলটির দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচন করতে চান। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। মনোনয়ন পাওয়ার আশায় তারা এখনো নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে আসনটিতে প্রার্থী ঘোষণা না হওয়ায় দলটির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। যদিও এমন পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দুই দলের প্রার্থীরা এরই মধ্যে গণসংযোগ জোরদার করেছেন। পাশাপাশি মাঠে রয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী।

বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই সেলিমা রহমান ও জয়নুল আবেদীন বিভিন্ন দলীয় ও ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। ৩ নভেম্বর বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণার পর সেলিমা রহমান ও জয়নুল আবেদীনের নির্বাচনি প্রচার এলাকায় তুলনামূলক কমে গেছে। তবে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে দুজনই বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এসব বিষয়ে কথা হয় বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার কয়েকজন বিএনপি নেতার সঙ্গে। তারা জানিয়েছেন, বরিশাল-৩ শুধু একটি আসন নয়, এটি বিএনপির ঐতিহ্য ও মর্যাদার আসন। তাই এখনো প্রার্থী ঘোষণা না হওয়ায় মাঠপর্যায়ে হতাশা বাড়ছে। তাদের দাবি, সেলিমা রহমান বা জয়নুল আবেদীন অথবা বিএনপির পরীক্ষিত কোনো একজনকে মনোনয়ন দিয়ে দ্রুত সম্মিলিত প্রচারে নামানো না হলে আসনটি হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, তারা হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ চালিয়ে যাবেন। তাদের প্রত্যাশা, মর্যাদাপূর্ণ এই আসনে শেষ পর্যন্ত বিএনপি অবশ্যই কোনো প্রার্থীকে মনোনয়ন দেবে।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘মনোনয়ন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা, সমালোচনা এবং হতাশা- সবই আছে। এখনো বোঝা যাচ্ছে না, কে দলীয় মনোনয়ন পাবেন। মনোনয়নপ্রত্যাশী নেতারা সবাই লবিং ও তদবির করছেন। আসনটি শূন্য থাকবে, নাকি দলের কাউকে দেওয়া হবে এই সিদ্ধান্ত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতিনির্ধারকরা।’

এদিকে জামায়াতে ইসলামী চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রার্থী ঘোষণা করে নির্বাচনি প্রস্তুতি নিতে শুরু করে। একই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের প্রার্থী চূড়ান্ত করে মাঠে নামে। বরিশাল-৩ আসনে জামায়াতের প্রার্থী করা হয়েছে দলটির বরিশাল মহানগরের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম। তিনি দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলার সভাপতির পদে আছেন।

স্থানীয়রা জানিয়েছেন, জামায়াতে ইসলামীর প্রার্থী জহির উদ্দিন মুহাম্মদ বাবর প্রতিদিন দুই উপজেলার নানা এলাকায় একাধিক উঠান বৈঠক ও গণসংযোগ করছেন। তিনি বিগত সরকারের দুঃশাসন এবং ৫ আগস্টের পর বিএনপির নানা নৈরাজ্যের কথা তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। পাশাপাশি তার পক্ষ থেকে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন।

একইভাবে ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে দলীয় নেতা-কর্মী এবং সমর্থকরা নিয়মিত প্রচার চালাচ্ছেন। দুই উপজেলায় বিভিন্ন সভা-সমাবেশে তিনি উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তুলে ধরছেন। অন্যদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষেও নির্বাচনি প্রচার চলমান রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-৩ আসনে এখন পর্যন্ত বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা না দেওয়ায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আসনটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। তবে বিএনপি প্রার্থী ঘোষণা করলে এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারলে চিত্র পাল্টে যেতে পারে। সে ক্ষেত্রে বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে বলে মনে করছেন তারা।খবরের কাগজ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ