মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নায়িকা পপিকে আইনি নোটিশ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৮, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নায়িকা পপিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন তার চাচাতো বোনজামাই মো. তারেক আহমেদ চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডলের মাধ্যমে পপির খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

তারেক আহমেদ চৌধুরী অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী-সম্পর্কের আত্মীয় সাদিকা পারভিন পপি বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেন, যা সত্যিই দুঃখজনক। কোনো অভিযোগ থাকলে তিনি পারিবারিকভাবে আলোচনা করতে পারতেন কিংবা আইনিভাবে ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে বিভিন্ন মাধ্যমে আমার নামে বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। এজন্যই আইনিভাবে তাকে বিষয়গুলো জানাতে বাধ্য হয়েছি।’

আইনজীবী ইলিয়াছ আলী গণমাধ্যমকে জানান, তার মক্কেল ঢাকার একটি আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। পপির প্রয়াত চাচা মিয়া কবির হোসেনের জামাতা তিনি। বৈবাহিক সূত্রে পপির সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

আইনি নোটিশে বলা হয়, একটি সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। সম্পত্তিটি পপির প্রয়াত চাচার মালিকানাধীন ছিল, যা একটি বৈধ হেবা দলিলের মাধ্যমে তারেক আহমেদ চৌধুরীর স্ত্রী ও তার মাকে উপহার হিসেবে দেওয়া হয়। ফলে তারা আইনগতভাবে সম্পত্তিটির মালিক হন। তারেক নিজে ওই সম্পত্তির কোনো উত্তরাধিকারী নন এবং সম্পত্তিতে তার কোনো দখল বা স্বার্থ নেই। হেবা দলিল অনুযায়ী সম্পত্তির হস্তান্তর ও বণ্টন সম্পন্ন হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আইনগতভাবে সম্পত্তি-বিষয়ক বিরোধে তারেকের কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও পপি গত ২১ নভেম্বর সময় টিভির একটি অনুষ্ঠানে তার বিরুদ্ধে “মিথ্যা ও মানহানিকর” অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, তারেক নাকি তাকে এলাকায় চলাফেরায় বাধা দিচ্ছেন এবং সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন।

আইনজীবী ইলিয়াছ আলী বলেন, ‘আমার মক্কেল এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করেন। তাই আইনি নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ