গণ-অভ্যুত্থানের নায়কদের টার্গেট করে হত্যা করা হচ্ছে: নাহিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চব্বিশের গণ-অভ্যুত্থানের শরিক ছাত্র, যুবকদের এখন টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দলের নেতা-কর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন৷
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এখন যে দেখতে পাচ্ছি যে নির্বাচন বানচাল করার জন্য এবং গণ-অভ্যুত্থানকে নসাৎ করার জন্য গ-ণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এটি শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় পুরা জাতি দেখেছে।’
ওসমান হাদির ওপর আক্রমণের নেপথ্যে যারা ছিল, তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নাহিদ।
এ সময় তিনি বলেন, ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় লিপ্ত ছিল তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এই পুরো পরিকল্পনার সঙ্গে, এই আয়োজনের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে। সরকারের ভিতরে-বাইরে যারা নীলনকশা করছে তাদেরও চিহ্নিত করতে হবে।’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গণে ইতোমধ্যে বিভক্তি ছড়িয়ে পড়েছে৷ এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। আমরা মনে করি, এই সময়ে এই জায়গা থেকে সরে এসে নূন্যতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটার থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে।’
শহিদ বুদ্ধিজীবী দিবসে দেশের একটি বুদ্ধিজীবী মহলকে নিয়ে বিষোদগার করেন নাহিদ৷ তিনি বলেন, ‘একটি শ্রেণি যেমন সবসময় পক্ষে ছিল আবার অপর শ্রেণি বিপক্ষে ছিল। আমরা দেখেছি এই আওয়ামী লীগের সময়ও আওয়ামীপন্থি কিছু বুদ্ধিজীবী সুশীল কিছু বুদ্ধিজীবী বিভিন্ন নামে তারা আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে গিয়েছে। তারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে। ৫ আগস্টের পরেও বুদ্ধিজীবীর নাম করে তারা জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে।’
নাহিদ প্রত্যাশা করেন, ‘জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা’ সবসময় মানুষের চিন্তা এবং সংস্কৃতির স্বাধীনতা নিয়ে কথা বলবেন।
একাত্তরে শহিদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে ‘আত্মমর্যাদাশীল জাতির দেশ’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জনতার আওয়াজ/আ আ