খালেদা জিয়াকে দিয়ে কখনো দেশবিরোধী কোনো কাজ করানো যায়নি: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁকে দিয়ে কখনো দেশবিরোধী কোনো কাজ করানো যায়নি। সে কারণেই তাঁকে দীর্ঘ সময় ধরে নির্যাতন ভোগ করতে হয়েছে, বিনা অপরাধে কারাগারে থাকতে হয়েছে এবং উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁর অসুস্থতাও ছিল একটি পরিকল্পিত চক্রান্তের অংশ। ধীরে ধীরে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্যই এসব করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বগুড়া কালচারাল সোসাইটির উদ্যোগে ‘আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমাদের দেশে এখনো প্রচুর গ্যাস ও কয়লার মজুত রয়েছে। এগুলো দখল করতে অনেকে নানা কৌশলে চেষ্টা করে—আঞ্চলিক প্রভু আছে, বৈশ্বিক প্রভুও আছে। কিন্তু একজন জাতীয়তাবাদী নেত্রীর কাছ থেকে দেশের সম্পদ কেড়ে নেওয়া যায়নি। নিজ দেশের মানুষের সম্পদ অন্য কোনো দেশ লুটপাট করতে পারেনি—এর প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশবিরোধী, পরিবেশবিরোধী ও মানুষের জীবনবিরোধী যেসব চুক্তি শেখ হাসিনা করেছিলেন, সেগুলো বেগম খালেদা জিয়াকে দিয়ে করানো যায়নি। এটাই তাঁর দেশপ্রেম, এটাই তাঁর দেশকে ভালোবাসার প্রমাণ, যা দেশবাসী কোনোদিন ভুলবে না।
বিএনপির এই মুখপাত্র বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা যেন অভিভাবক হারা হয়ে গেলাম। মা-হারা সন্তান যেমন এক ধরনের হতাশায় ভোগে, নিরুপায় হয়ে পড়ে, ঠিক তেমনি আমরাও তা অনুভব করছি। এখনো ধাক্কা লাগে—বেগম জিয়া কি সত্যিই আমাদের মাঝে নেই? অন্তত একবার সন্ধ্যার পর গুলশান কার্যালয়ে গিয়ে তাঁর দেখা পাব—এই ভাবনাটাই আমাদের শক্তি দিত।
রিজভী বলেন, শেখ হাসিনার নিপীড়ন, নির্যাতন ও ফ্যাসিবাদের রোষানলে পড়ে সারাদিনের ক্লান্তি নিয়ে রাতে ফিরে এসে দেশনেত্রীর সাথে দেখা হলে তার দৃঢ় চেতনায় সবকিছু ভুলে যেতাম। মনে হতো, হিমালয়ের পর্বতের চেয়েও বড়, দৃঢ় ও অটুট একজন মানুষ দাঁড়িয়ে আছেন—যিনি গোটা জাতিকে আগলে রেখেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঁকড়ে রেখেছেন, মানুষের জীবন ও সম্পদকে রক্ষা করছেন। তিনি ছিলেন এক বিশাল পর্বতসম মহীয়সী নারী বেগম খালেদা জিয়া।
এসময় সিনিয়র সাংবাদিক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ