টাকা পাচারের কারণে অচল অবস্থায় ৭-৮টি ব্যাংক : পানিসম্পদ মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাকা পাচারের কারণে অচল অবস্থায় ৭-৮টি ব্যাংক : পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বিগত সরকারের লুটপাট ও টাকা পাচারের কারণে বাংলাদেশের ৭-৮টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা একটি ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস যা আছে, সেই সম্পদটাও জব্দ। শেষ পর্যন্ত তা পাওয়া যাবে কি না, সেটাও অনিশ্চিত। শুধু একটি ব্যাংকেই এ অবস্থা নয়; বাংলাদেশে ৭-৮টি ব্যাংক আজ অচল অবস্থায় রয়েছে, যার মূল কারণ লুটপাট ও টাকা পাচার।’

তিনি আরও বলেন, ‘একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও সহজ নয়। এজন্য সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।’

এ্যানি চৌধুরী বলেন, ‘সারা দেশে অনেক মেগা প্রকল্প হয়েছে। এসব প্রকল্পের সুবিধাভোগী গ্রামের সাধারণ মানুষ নয়, এমনকি আমরাও নই। কিছু ক্ষেত্রে এগুলো সাময়িকভাবে প্রয়োজন হতে পারে, কিন্তু অনেক প্রকল্পই গত ১৭ বছরে না করলেও চলত। আবার কিছু জরুরি প্রকল্প হয়েছে ঠিকই, কিন্তু এক হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনোভাবেই যেন দুর্নীতি না হয় তা জেলা পরিষদ, লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সড়ক বিভাগ বা এলজিইডি যেখানেই হোক না কেন। সংশ্লিষ্টদেরই এর দায়িত্ব নিতে হবে। এ বিষয়ে কোনো দায়-দায়িত্ব আমরা নেব না। সরকার এ বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই এ বিষয়ে সতর্ক রয়েছেন। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে, তিনি সরকারি কর্মকর্তা হোন বা রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা এবং সর্বশেষ জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছি।’

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ