শাওন মিছিলের সামনের সারিতে ছিলেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাওন মিছিলের সামনের সারিতে ছিলেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পুলিশ ও বিএনপির সংঘর্ষে গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধান (২০) ফতুল্লার এনায়েতনগর এলাকায় একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর শাখা আয়োজিত শোভাযাত্রায় যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবদল নেতাদের সঙ্গে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানে সংঘর্ষ শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাওন প্রধানের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায়। তাঁর মৃত্যুর পর আজ দুপুর থেকে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ডোরাকাটা সাদা রঙের টি-শার্ট ও কালো জিনস পরিহিত শাওন মিছিলের সামনের সারিতে ছিলেন।

শহরের গুলশান সিনেমা হলের সামনে শাওন গুলিবিদ্ধ হয়েছেন বলে গণমাধ্যমকে জানায় তার লাশ নিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আসা যুবদলের দুজন কর্মী। নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন বলেন, ‘ডিআইটি আলী আহাম্মদ চুনকানগর মিলনায়তনের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ২ নম্বর রেলগেটের দিকে যাচ্ছিলাম। এ সময় সংঘর্ষ শুরু হলে আমরা গুলশান সিনেমা হলের সামনে অবস্থান নেই। সেখানেই একটি গুলি এসে শাওনের বুকের বাঁ পাশে লাগে। শাওন মাটিতে লুটিয়ে পড়লে অন্য নেতাকর্মীরা পালিয়ে যান। পরে তাকে আমরা হাসপাতালে নিয়ে আসি।’

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান জানান, নিহত ব্যক্তির বুকের বাঁ পাশে একটি গুলির চিহ্ন আছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ