যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা ও বিমার টাকা নিশ্চিতে কাজ করছে সরকার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা ও বিমার টাকা নিশ্চিতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর ব্রিফিং করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী; এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর ব্রিফিং করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী; এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ শুক্রবার (৩ এপ্রিল) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (জিএফ-২২৫০) মরদেহটি দেশে আনা হয়। বিমানবন্দরে সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মরদেহটি গ্রহণ করেন।

মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধে এখন পর্যন্ত মোট ৬ জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, “নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।”

নিহত এস এম তারেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী নিশ্চিত করেছেন যে, পরবর্তীতে আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা এবং বিমা সুবিধা বাবদ আরও ১০ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে পরিবারটিকে দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার নিবিড় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, “যারা মানব পাচারের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া গ্রিসের ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও দ্রুত শুরু হচ্ছে।”

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, এ পর্যন্ত ৩ জন নিহতের মরদেহ দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাকি প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মরদেহ হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ