বিএনপির মনোনয়ন ফরম তুললেন হেভিওয়েট নেত্রীরা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মনোনয়ন ফরম তুললেন হেভিওয়েট নেত্রীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির হেভিওয়েট নেত্রীরা। গত শুক্রবার ও গতকাল শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক এমপি, ত্যাগী ও পেশাজীবী নেত্রীরা। তৃণমূল থেকে কেন্দ্র–সর্বস্তরের নেত্রীদের এই অংশগ্রহণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। দলের প্রভাবশালী নেত্রীদের এই দৌড়ঝাঁপে স্পষ্ট হয়ে উঠছে সংসদের ভেতরে নিজেদের কণ্ঠস্বর জোরালো করার প্রস্তুতি নিচ্ছেন তারা।

বিএনপির একাধিক নীতিনির্ধারক জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সংসদে কথা বলার দক্ষতা এবং এলাকায় যাদের জনপ্রিয়তা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। বিগত দিনে নির্যাতিত নেত্রীরা গুরুত্ব পাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী যোগ্যদের বাছাই করা হবে। ফরম জমা শেষে প্রার্থীদের সাক্ষাৎকার নেবে পার্লামেন্টারি বোর্ড।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে নবীন ও প্রবীণদের সমন্বয় রাখা হবে। অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি তুলনামূলক তরুণ, শিক্ষিত ও রাজনীতিতে সক্রিয় নারীদের একটি বড় অংশ সুযোগ পাবেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা নেত্রীদের প্রাধান্য বেশি থাকতে পারে। এ ছাড়া সমাজের বিভিন্ন পেশায় ‘পরিচিত’ মুখ থেকেও কয়েকজনকে মনোনয়নের জন্য বাছাই করা হতে পারে। এ ছাড়া শরিকদের মধ্য থেকে কয়েকজনকে মনোনয়ন দেওয়া হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বলেছেন, আন্দোলন-সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ছিল, যারা সংসদে কথা বলার দক্ষতা রাখেন এবং সমাজে যাদের সুনাম রয়েছে–সংরক্ষিত নারী আসনে দল তাদেরই অগ্রাধিকার দেবে।

মনোনয়ন বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত একটি বোর্ডের কাছে আবেদনগুলো পাঠানো হবে। কী পদ্ধতিতে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে, তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে সংসদ সদস্য বাছাই করে, এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন।

রুহুল কবির রিজভী বলেন, বিগত আন্দোলনে অনেক নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীন মতপ্রকাশ করায় গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। সেই সব সাহসী নারীকে দল অবশ্যই মূল্যায়ন করবে।

জানা গেছে, গত শুক্রবার ৫৪৪টি ও গতকাল শনিবার ৪৮১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি। দুই দিনে বিক্রি হয়েছে মোট ১ হাজার ২৫টি ফরম। অনেক প্রার্থী ইতোমধ্যে ফরম পূরণ করে জমাও দিয়েছেন। আজ রবিবার মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন বলে জানিয়েছে বিএনপি।

হেভিওয়েট যেসব নেত্রী মনোনয়ন ফরম তুলেছেন
বিগত দুই দিনে হেভিওয়েট অর্ধশতাধিক হেভিওয়েট নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি, বিএনপির মানবাধিকারবিষয়ক সহ-সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন, বিএনপি নেত্রী ডা. জেরিন দেলোয়ার হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের স্ত্রী ফাতেমা আসাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বেবি নাজনীন, মায়ের ডাকের সমন্বয়ক সানজীদা ইসলাম তুলি, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন ও রুমানা মোর্শেদ কনকচাঁপা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ, সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক মৌসুমী নাছরিন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের একমাত্র মেয়ে সালিমা বেগম আরুণি, প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে ডা. খোন্দকার আখতারা খাতুন লুনা, প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, ঢাকা মহানগর মহিলা দলের নেত্রী বেগম মেহেরুন্নেসা হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের লেচু মিয়ার মেয়ে বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি প্রমুখ।

স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘সংসদে বিএনপি আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করবে। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেবে। বিবেচিত প্রার্থীরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূমিকা রাখবেন। তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চাই।’

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় কণ্ঠশিল্পী কনকচাঁপা বলেন, দলে দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

আরেক কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং দলের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনায় তিনি সংসদ সদস্য হওয়ার আশা রাখেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তোপের মুখে কনকচাঁপা
দলীয় মনোনয়ন ফরম তুলতে এসে সহকর্মী নেত্রীদের তীব্র প্রশ্নের মুখে পড়েন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। গতকাল সকালে মনোনয়ন ফরম তুলতে এলে কয়েকজন নেত্রী তার রাজনৈতিক ভূমিকা ও দলের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। এতে করে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন না করে নতুন বা অনিয়মিত মুখদের সামনে আনা হচ্ছে কেন–এ প্রশ্ন এখন অনেকের।

তিনি আরও বলেন, আন্দোলনের সময় বহুবার কারাবরণ, মামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন তৃণমূলের নেত্রীরা। সেই জায়গা থেকে হঠাৎ করে পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মনোনয়ন প্রক্রিয়ায় এগিয়ে আসা অনেকের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ