ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ – জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০০, সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা-ছেলের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ছেলের গুলিতে বাবা খোকা মিয়া গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামিরদিয়া নারিশের গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ খোকা মিয়া উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আব্দুল মিয়ার ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

খোকা মিয়ার ছেলে তোফায়েল আহমেদ রানা হবিরবাড়ি ইউনিয়ন যুবদল নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোকা মিয়া ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থক ছিলেন। আর খোকা মিয়ার ছেলে তোফায়েল আহমেদ রানা ছিলেন বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলমের সমর্থক। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল।

রবিবার দুপুর আড়াইটার দিকে নির্বাচনের পর থেকে বন্ধ থাকা নারিশের মোড়ের রাজনৈতিক কার্যালয় খুলে বসেন ছেলে তোফায়েল আহমেদ রানা। বিষয়টি বাবা দেখে কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছেলে রানা বাবাকে লক্ষ্য করে গুলি করেন এবং রানার সঙ্গীরা খোকা মিয়ার সঙ্গে থাকা লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুরও করেন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুলিবিদ্ধ খোকা মিয়াকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচনী দ্বন্দ্বে আহত অবস্থায় খোকা মিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে কোপ ও গুলির চিহ্ন রয়েছে। আহত দুইজন হাসপাতালে ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বাবা-ছেলের সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে খোকা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

 
 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com