ছাত্রদলের তদন্ত কমিটি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঢাবি উপাচার্যের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছবি সংগৃহীত
রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এদিকে হামলায় জড়িতদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাবর ৩ দফা দাবি সম্বলিত অভিযোগপত্র দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
দাবিগুলোর মধ্যে রয়েছে- হামলায় জড়িত সব শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে; যেসব হামলাকারীর ছাত্রত্ব শেষ হয়েছে (স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন), তদন্ত সাপেক্ষে তাদের সনদপত্র বাতিল করতে হবে; এবং উল্লিখিতদের বাইরে হামলায় আরও বেশ কয়েকজন জড়িত ছিল, তাদের পরিচয় শনাক্ত করে তাদেরও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে।
এছাড়া অভিযোগপত্রে মোট ১২ জন হামলাকারীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে। এ সময় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলা আমরা কখনো প্রত্যাশা করি না। এই ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার তদন্তে ইতোমধ্যে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি ফেসবুক-সংশ্লিষ্ট বার্তা নিয়ে এবং অন্যটি সাংবাদিক ও অন্যান্যদের ওপর হামলার ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে ওই হামলার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত বৃহস্পতিবার একটি অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে থানার ভেতরে গণমাধ্যমের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ ও এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন। তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে যথাযথ তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের বরাবর লিখিত প্রতিবেদন জমা দিতে হবে।’
এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গেলে মব তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা চালায় ছাত্রদল নেতা-কর্মীরা। হামলায় সমিতির সভাপতি ও কালের কণ্ঠের সাংবাদিক মানজুর হোসাইন মাহি এবং সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের সাংবাদিক লিটন ইসলামসহ মোট ১০ জন সাংবাদিক আহত হন। সাংবাদিকদের অভিযোগ, এর আগের দিন বুধবারও বিশ্ববিদ্যালয়ের দুটি হলে সাংবাদিকদের হেনস্তা ও হুমকি দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ