সেনা কর্মকর্তা মাসুদ চৌধুরী আবারও রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ৪, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ৪, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ওয়ান ইলেভেনের আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে এবার জুলাই আন্দোলনে বিপ্লব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সোমবার (৪মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় গত ৩০ এপ্রিল মঞ্জুর হওয়া চারদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাবিব উল্লাহ।
আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা আন্দোলন দমনের উদ্দেশ্যে গুলি চালায়, এতে বিপ্লব শেখ প্রাণ হারান। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, সে তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আসামির রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের বিরোধিতায় শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় চলমান ছাত্র আন্দোলনে বিপ্লব শেখ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১ জুলাই ২০২৫ সালে তার বাবা পারভেজ শেখ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে এ পর্যন্ত এ নিয়ে একটি মানবপাচার ও তিনটি হত্যা মামলায় তাকে পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখিয়ে লাগাতার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
জনতার আওয়াজ/আ আ