না’গঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌপুলিশের নৌকাডুবি কনস্টেবল নিহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ৮, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ৮, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ

এম আরন কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের একটি টহলরত ইঞ্জিনচালিত নৌকা উল্টে মো. মহসিন সরদার (৪৩) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন সরদার নৌ পুলিশের কলাগাছিয়া ফাঁড়িতে কর্মরত ছিলেন। (তার বিপি নম্বর ৮৩০৩০৭৩১২৪)। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চারজন কনস্টেবল নিয়ে একটি টিম নদীতে ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন টহলে বের হয়। টহল চলাকালীন সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় একটি বাল্কহেডের সাথে পুলিশের নৌকাটির সংঘর্ষ হয়। এতে নৌকাটি তাৎক্ষণিক নদীতে উল্টে যায়। নৌকায় থাকা অন্য সদস্যরা সাঁতরে নিকটস্থ একটি বাল্কহেডে উঠতে সক্ষম হলেও কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মহসিন সরদার মৃত্যুকালে বৃদ্ধ মা, স্ত্রী, ১৯ বছর বয়সী মেয়ে নিশিথা আক্তার মুন্নি এবং ১৪ বছর বয়সী ছেলে সিয়ামসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উজ্জামান জানান, ডিউটিরত অবস্থায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে তাদের একজন সদস্য প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার (৮ মে) বিকালে নামাজে জানাজা শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ