তিস্তার স্রোত কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিস্তার স্রোত কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ

 

‎লালমনিরহাট প্রতিনিধি

ছবি: সংগৃহীত
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎শনিবার (১৬ মে) দুপুরে বৃষ্টির আনন্দে খেলাধুলা শেষে রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে গোসল করতে গিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হয়।

তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হক মাস্টারের সন্তান।

‎​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে খেলাধুলা শেষ করে প্রথমে ছোট ভাই স্বচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর প্রবল স্রোতের তোড়ে ছোট ভই স্বচ্ছ আহমেদ তলিয়ে যেতে থাকলে, পাড়ে থাকা বড় ভাই সিফাত আহমেদ তাকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু স্রোতের তীব্রতা বেশি থাকায় দুই ভাইয়ের কেউই আর তীরে ফিরতে পারেনি এবং চোখের পলকে তারা নদীর পানিতে তলিয়ে যায়।
‎​
‎​ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও জেলেরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর নদী থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

‎​রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাবলু অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই ভাইয়ের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে গোটা রাজপুর এলাকা জুড়ে বর্তমানে স্তব্ধতা ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে তিস্তাপাড়ের আকাশ-বাতাস।

‎​লালমনিরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগেই ওই দুই কিশোরের মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ