অপরাধী শনাক্তে সিলেট নগরীতে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হবে: বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৪, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপরাধী শনাক্তে সিলেট নগরীতে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

অপরাধী শনাক্তে সিলেট নগরীতে ফেস রিকগনিশন ক্যামেরা (মুখ শনাক্তকরণ ক্যামেরা) বসানো হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে- এ বিষয়ে দ্বিমত করার কিছু নেই। যে ঘটনা আপনার-আমার চোখের সামনে ঘটছে তা তো মানতেই হবে। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু অপরাধের বিষয়ে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী শনাক্তে সিলেট নগরীতে ফেস রিগকনিশন ক্যামেরা (মুখ শনাক্তকরণ ক্যামেরা) বসানো হবে।’

রবিবার (২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার পরিচ্ছন্নতা কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা ব
গত শুক্রবার মাদকসেবীর হাতে র‌্যাব সদস্য নিহতসহ নগরীতে ছিনতাই ও অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।

অপরাধের বিচারে দীর্ঘসূত্রিতা নিয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অপরাধীদের ধরতে সরকারের কমিটমেন্টের অভাব নেই। কিন্তু শাস্তি নিশ্চিতে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এটি সময়সাপেক্ষ। তবে সাম্প্রতিক ধর্ষণসহ ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িতদের বিচারিক প্রক্রিয়া মেনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এসব ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

কোরবানির চামড়া সংগ্রহ না করা নিয়ে সিলেটের কওমি মাদ্রাসাগুলোর ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘কোরবানি পশুর চামড়ার সংরক্ষণে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য মাদ্রাসাসহ স্থানীয় প্রশাসন তথা সরকার সবাই তৎপর।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মন্ত্রী নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার ১১৫৮ জন কর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের প্রায় ৫৮ লাখ টাকা অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরাই সিটি করপোরেশনের প্রাণ। তাদের অবদানেই সিলেট শহর বাসযোগ্য থাকে। তাই সরকার তাদের সম্মান জানাতে প্রতি ঈদেই বিশেষ উপহার দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সব সময় পরিচ্ছন্নতাকর্মীদের কথা ভাবেন। গত ঈদেও উপহার পাঠিয়েছিলেন, এবারও পাঠিয়েছেন। সরকারের সামর্থ্য সীমিত, তারপরও আপনাদের প্রাধান্য দেওয়া হয়েছে।’

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পাঠানো ৪১ লাখ ৩৫ হাজার টাকা দিয়ে ৮৩১ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য উপহার নিশ্চিত করা হয়। পরে আরও ৩৩১ জন যাতে উপহার থেকে বাদ না পড়েন, সে জন্য সিসিকের নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ১৬ লাখ ৫৫ হাজার টাকা যোগ করা হয়েছে।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যার বিষয়ও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমি তাদের বাসস্থানের অবস্থা ঘুরে দেখেছি। একটি ছোট কক্ষে আট থেকে ১০ জন পর্যন্ত থাকেন, যা স্বাস্থ্যসম্মত নয়। এ পরিস্থিতি পরিবর্তনে সিটি করপোরেশনের উদ্যোগে নতুন আবাসন প্রকল্প নেওয়া হবে।’

ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের বিষয়েও গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করে সিলেটকে আবার পরিচ্ছন্ন নগরীতে পরিণত করা হবে।’

কোরবানির পশুর চামড়া সংরক্ষণের ওপরও জোর দেন তিনি। মন্ত্রী বলেন, ‘চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ বছরে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই কোরবানির পর চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।’

মাদ্রাসার শিক্ষক, মুহতামিম ও কোরবানিদাতাদের উদ্দেশে তিনি বলেন, ‘পশু জবাইয়ের চার ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ লাগিয়ে সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করা হলে সিলেট থেকে চামড়া সংগ্রহ নিশ্চিত করা হবে।’

সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ