এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব রেজা গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৬, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব রেজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও ঝিনাইদহ জেলার আহ্বায়ক তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম-সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তারেক রেজা ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, সাদা পোশাকে পুলিশের বিশেষ দল এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা মামলার প্রধান আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ মে) এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দলীয় সফরে ঝিনাইদহে আসেন। ওই দিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের হাতাহাতি, মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতা-কর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। এর পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। ওই মামলায় রবিবার সন্ধ্যায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ