আইন ভাঙলে ছাড় নেই: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২৬, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২৬, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে চাঁদাবাজি, ফিটনেসবিহীন গাড়ি এবং অনুমোদনহীন পশুর হাটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস ও মাদকচক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে।
মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীত সরকারের দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও তৎপর রয়েছে। এবার আইন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পুলিশ সদর দপ্তরের সেন্ট্রাল মনিটরিং সেলকে বিশেষভাবে ঢেলে সাজানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের সাত দিন আগে থেকে এবং ঈদের পর আরও সাত দিন পর্যন্ত এই বিশেষ নজরদারি চলবে।
তিনি জানান, দেশের সব মহাসড়ক, পশুর হাট, এক্সপ্রেসওয়ে এবং যমুনা ও পদ্মা সেতু এলাকা সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে। যেসব মহাসড়কে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে পুলিশ সদস্যরা বডি-ওয়ার্ন ক্যামেরা পরে দায়িত্ব পালন করছেন।
বিগত সময়ের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা অনেক কমেছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে দু-একটি দুর্ঘটনা ঘটেছে, তা মূলত অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির কারণে। গতকাল নওগাঁর লোহার রডবাহী ট্রাকে ছাদে যাত্রী বহনের কারণে যে দুর্ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। সামান্য ভাড়া বাঁচানোর উদ্দেশ্যে এই ঝুঁকিপূর্ণ যাত্রা করা হয়েছিল। নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে।’
অবৈধ পশুর হাট ও জাল নোট রোধ
অনুমোদিত পশুর হাটের বাইরে রাস্তা বা খালি জায়গায় কোনো অবৈধ হাট বসতে দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উদাহরণ টেনে তিনি বলেন, সম্প্রতি মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে বসা একটি অবৈধ হাট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া পশুর হাটে জালনোটের ব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে বাণিজ্যিক ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
যমুনা সেতুতে জট কমাতে ডিজিটাল অটোমেশনের প্রস্তাব
উত্তরবঙ্গগামী যাত্রীদের যমুনা সেতুর টোলপ্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে এই দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।
এই সমস্যার স্থায়ী সমাধানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে ডিজিটাল অটোমেশন- যেমন গাড়িতে কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়ার পদ্ধতি- চালুর পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি ই-টোল ব্যবহারে চালকদের উৎসাহিত করতে বিশেষ ইনসেনটিভ বা প্রণোদনার ব্যবস্থা করার বিষয়েও ভাবা হচ্ছে।
মাদক ও সাংবাদিকদের ওপর হামলায় অ্যাকশন: ২৪ ঘণ্টার আলটিমেটাম
সাভারে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য আহ্বান করে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিগত তিন মাসে দেশের প্রতিটি জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার যেভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, এই মাদকচক্র ও হামলাকারীদের বিরুদ্ধেও একইভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ