আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ৩০, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ৩০, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাস্থলে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। এ কারণে তাদের মতামত অন্তর্ভুক্ত না থাকায় আজ প্রতিবেদন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, সংশ্লিষ্টদের বক্তব্য যুক্ত করে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, ওই সময় দুই ঘণ্টা এসি বন্ধ ছিল। রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওই পরিস্থিতি ছিল এবং সে সময় কোনো ধরনের ভেন্টিলেশন ব্যবস্থা চালু ছিল না বলেও জানা গেছে। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিশদভাবে পর্যালোচনা করা হবে এবং দায় নির্ধারণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
এর আগে গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করানোর বিষয়ে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় রমনা থানায় একজন নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
জনতার আওয়াজ/আ আ