ধরপাকড়ের মধ্যেও চট্টগ্রামে ফের সক্রিয় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধরপাকড়ের মধ্যেও চট্টগ্রামে ফের সক্রিয় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামে কর্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একের পর এক মিছিলের পর নড়েচড়ে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (গতকাল) সকালে নগরীর জিইসি এলাকায় আবারও মিছিলের পর বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাপক ধরপাকড়ের মধ্যে ফের সক্রিয় হচ্ছে নেতাকর্মীরা।

বুধবার (৩ জুন) সকালে নগরীর কুয়াইশ সড়কে মিছিল করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমের মোবাইল ফোনে কল করা হলে সাড়া পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মিছিল, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

থানাভিত্তিক গ্রেপ্তারদের মধ্যে খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন, কোতোয়ালী থানায় ১২ জন, পাঁচলাইশ থানায় ১০ জন, ডবলমুরিং থানায় ৭ জন, ইপিজেড থানায় ৩ জন, বাকলিয়া ও কর্ণফুলী থানায় ২ জন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় একজন করে রয়েছেন।

সিএমপি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নগরীতে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার সকালে নগরীর জিইসি মোড় এলাকায় মিছিল করে ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। এই মিছিলের পর নড়েচড়ে বসেছে পুলিশ।

সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, মাঠপর্যায়ে পুলিশকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ কারণে মাঠপর্যায়ের সব ইউনিটকে অ্যালার্ট করা হয়েছে। এখন থেকে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে, যাতে নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ