বিএনপির সংসদীয় দলের ৩ ঘণ্টার বৈঠক, যেসব বিষয়ে আলোচনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সংসদীয় দলের ৩ ঘণ্টার বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৭, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৭, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির সংসদীয় দলের বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও বাজেটসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া সভা চলে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

চিফ হুইপ জানান, সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের গত ১২০ দিনের কাজের অগ্রগতি উপস্থাপন করা হয় এবং চলমান কার্যক্রমের মূল্যায়ন করা হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন, যা শিক্ষার্থীদের শুধু কর্মমুখী দক্ষতাই নয়, বরং প্রকৃত অর্থে শিক্ষিত, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাক্রম সংস্কারের পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘মিড-ডে মিল’ চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে ডেঙ্গু ও হাম পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, জনগণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এ সময় চীনের সহযোগিতায় এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণসংক্রান্ত পাঁচটি চুক্তির তথ্য উপস্থাপন করা হয়। জানানো হয়, এসব হাসপাতালের মধ্যে অন্তত একটি নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে।

নুরুল ইসলাম মনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনই সরকারের প্রধান অগ্রাধিকার। জ্বালানি খাতের ভর্তুকির প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, তেল আমদানির জন্য সরকারকে প্রায় এক লাখ কোটি টাকা ভর্তুকি প্রদান করতে হচ্ছে।

আসন্ন জাতীয় বাজেট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। চিফ হুইপ জানান, আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হবে। এরপর ১৫ জুন সম্পূরক বাজেট পাস করা হবে এবং ১৬ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। প্রয়োজন হলে ওই দিন থেকে সংসদের সকাল ও বিকেলের পৃথক অধিবেশনও অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৩০ জুনের মধ্যেই বাজেট পাস করা হবে।

দুর্নীতি ও প্রশাসনিক জটিলতার বিষয়টিও বৈঠকে গুরুত্বের সঙ্গে উঠে আসে। নুরুল ইসলাম মনি বলেন, বিপুল আর্থিক ঘাটতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করলেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। তিনি জানান, চুরি ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে জনসেবা সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি, মাদক এবং জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন বলে জানান তিনি।

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়টিও আলোচনায় আসে। চিফ হুইপ এটিকে সরকারের দূরদর্শী নেতৃত্ব এবং কূটনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া নির্বাচনি এলাকায় সরকারি উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক নজরদারি রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, সংসদীয় সরকারব্যবস্থায় বিভিন্ন কারণে মন্ত্রীরা পদত্যাগ করতে পারেন। দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে সরকারকে অবহিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ