স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৯, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৯, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৯, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্ট-আপ, নারী উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মোট ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড’ এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি জানান, চলমান ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ‘স্টার্ট-আপ তহবিল’ খাতে ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে এই খাতে বরাদ্দ বাড়িয়ে উদ্যোক্তা সৃষ্টির কার্যক্রম আরও জোরদার করা হবে।

এ সময় অর্থমন্ত্রী নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরে তিনি বলেন, ঢাকা মহানগরের অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এডিপির আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা ও বরাদ্দ বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুব ও ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সহজে ঋণ, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পান, সে জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ