প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৭, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৭, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৭, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরের সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি পাস হয়।

স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন শুরু হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাব উপস্থাপনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সফর করে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

তিনি জানান, সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে এবং উভয় দেশের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক বার্তা পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশের স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বাস্তব প্রতিফলন। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, জ্বালানি ও বিনিয়োগ এবং চীনের সঙ্গে অবকাঠামো, বাণিজ্য ও রপ্তানি সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্কের জন্য এই সফর একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন ও স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের পাশে থাকবে। তবে বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সংসদে উপস্থাপনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।একই সঙ্গে দেশের অর্থনৈতিক স্বার্থ, রপ্তানি সম্প্রসারণ ও জনশক্তি বাজার বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে স্পিকার ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ