দেবী ‘দুর্গা’র আবির্ভাব ঘটেছে অসত্যকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেবী ‘দুর্গা’র আবির্ভাব ঘটেছে অসত্যকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

 

দেবী ‘দুর্গা’র আবির্ভাব ঘটেছে অসত্যকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আজ ৫০ বছর পরও সেই আশা পূরণ হয়নি।’

‘দেশের জনপ্রিয় নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসনে পাঠিয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামি করেছে।’

বিএনপির মহাসচিব বলেন, “আজকে ‘দানব সরকার’ আমাদের নির্যাতন করছে। দেবী দুর্গার আবির্ভাব ঘটেছে অসত্যকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলনে আপনারা শরিক হবেন। আমাদের আন্দোলন বর্তমান সংসদ বাতিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। সেই দাবিতেই আমরা আন্দোলন করছি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু সহ অনেক নেতা শুভেচ্ছা বিনিময় করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ