পতনের লক্ষণ প্রকট হওয়ায় নিষ্ঠুর আক্রমণ চালাচ্ছে সরকার: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পতনের লক্ষণ প্রকট হওয়ায় নিষ্ঠুর আক্রমণ চালাচ্ছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

 

পতনের লক্ষণ প্রকট হওয়ায় এক ধরণের ভয় থেকেই আওয়ামী সরকার বিএনপির সভা-সমাবেশে নিষ্ঠুর আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বিকেলে হবিগঞ্জের লাখাই দলীয় কার্যালয়ে ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা চলছিল। সন্ধ্যায় লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক এবং এসআই দেবাশীষ ও রাব্বীর নেতৃত্বে পুলিশের একটি দল কার্যালয়ে নেতাকর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। প্রথমে বেধড়ক লাঠিচার্জ তারপরে নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে।

বুধবার (১৬ নভেম্বর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘পুলিশি আক্রমণে জেলা বিএনপির আহ্বায়ক জি কে গউছ, ছাত্রদল নেতা ফজলে রাব্বী, আহমেদ আজমসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। সভার সভাপতি ও লাখাই উপজেলা সহ-সভাপতি শেখ ফরিদ মিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। এছাড়া হবিগঞ্জের বানিয়াচঙ্গে গণসমাবেশের লিফলেট বিতরণের পর নেতাকর্মীদের ওপর পুলিশ আক্রমণ চালিয়ে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহির হোসেনকে গ্রেফতার করে।

তিনি বিএনপি’র পক্ষ থেকে সন্ধ্যায় হবিগঞ্জ জেলাধীন লাখাই উপজেলায় বিএনপি’র প্রস্তুতি সভায় পুলিশের নারকীয় হামলা ও নেতাকর্মীদেরকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, তারা বহুমাত্রিক গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই প্রতিহিংসার আগুনের উত্তাপ ছড়ায়। ভিন্ন মতের প্রতি বিদ্বেষ অন্তরে গেঁথে আছে। বর্তমানে অবৈধ ক্ষমতা কব্জা করে দুর্নীতির মাধ্যমে প্রচুর টাকা অর্জনের দ্বারা আওয়ামী নেতারা যে কল্পলোকের সুখ উপভোগ করছেন সেটি থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কাই বিরোধী দলকে সহ্য করতে পারছে না। রাষ্ট্রক্ষমতার প্রবল প্রতাপ এবং সরকারি শক্তির প্রাবল্যের মুখেও গণতন্ত্রের জন্য তৃণমূলে যে উত্থান ঘটেছে তাতেই দিশেহারা হয়ে পড়েছে।

রিজভী বলেন, ওদের মনুষ্যত্বহীন অপশাসনে আমরা যেন বধ্যভূমিতে প্রবেশ করছি। দেশকে ওরা ভয়ানক গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আত্মবিশ্বাস হারিয়েছে বলেই সহিংসতা ও সন্ত্রাসকে রাজনীতির উপজীব্য করেছেন। শুধু দম্ভের বিকৃত প্রকাশ সর্বত্র দৃশ্যমান। আন্দোলন দমানোর নামে আরও কত যে মৃত্যু, ধ্বংস, পঙ্গুত্ব, বাস্তচ্যুতি এবং অর্থনৈতিক দুর্দশার ঘটানো হবে সেটি নিয়ে সবাই শঙ্কিত।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, গুম-খুনের হোতাদের ঘৃণা করতে, চিহ্নিত করতে, প্রতিরোধ করতে জনগণ এখন অঙ্গীকারাবদ্ধ। এই উদ্ভট ও আজব সরকারের বিরুদ্ধে জনগণের মিলিত স্রোত কখনোই থামবে না। দুঃসময়ের স্রষ্টা শেখ হাসিনার সরকারের পতন না ঘটালে যে যন্ত্রণা ও বেদনার প্রকাশ জনমনে পরিব্যাপ্ত হয়ে আছে সেখান থেকে নিস্কৃতি পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পিসহ ১৫ জন নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মৎস্যজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল নেতা কারিমুল হাই নাইম, ওমর ফারুক কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ