দুদিন আগেই সমাবেশস্থলে নেতাকর্মীরা, মাঠেই চলছে রান্না-খাওয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কাল। পরিবহণ ধর্মঘটের কারণে দুদিন আগেই শহরে হাজির হয়েছেন হাজারো নেতাকর্মী। ধরপাকড় ও হয়রানি এড়াতে তারা হোটেল-মোটেলে ওঠেননি। অনেকে নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে উঠেছেন। সেখানে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কেউ কেউ উঠেছেন আত্মীয়-পরিচিতজনের বাসায়। অনেকে সরাসরি সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। সেখানে তাঁবু টানিয়ে রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে স্থানীয় বিএনপি নেতারা ব্যস্ত সময় পার করছেন। তারা দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন।

এদিকে বৃহস্পতিবার সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির একটি দল। এ সময় সেখানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। ।
সরেজমিনে শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২, সকাল সাড়ে ৯টায় দেখা যায়, সমাবেশকে ঘিরে দুই দিন আগেই নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে রান্না করে সেখানে বসেই খাওয়া-দাওয়া করছেন।

প্যান্ডেলে বসে খাচ্ছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আসা ছাত্রদল কর্মী তারেকুল ইসলাম বলেন, আমাদের ২০০ জনের একটি টিম গত রাতে সিলেটে এসে পৌঁছেছি। পথে অনেক বাধার সম্মুখীন হয়েছি। রাতে এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আমাদের জন্য দলের পক্ষ থেকে দেওয়া রান্না করা খাবার খাচ্ছি।
জনতার আওয়াজ/আ আ