আরো তিন মামলায় গ্রেফতার রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে পল্টন ও বাড্ডা থানায় দায়ের করা আরো তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) রিজভীকে আদালতে হাজির করে তিন মামলায় রিজভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তা মঞ্জুর করেন।
রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর বিজয়নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জন লাঠিসোটা নিয়ে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চালক আয়নাল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন— জামায়াত নেতা মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নিরব, শফিউল বারী বাবু ও মোয়াজ্জেম হোসেন ওরফে বাবু (মৃত)।
পরে মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পল্টন থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খান। এ মামলাটির চার্জ শুনানির জন্য আগামী ২৯ মার্চ ধার্য রয়েছে।
এছাড়া ২০১৩ সালে দলের অফিসের সামনে নাশকতার অভিযোগে পল্টন থানায় এবং ২০১৫ সালের বাড্ডা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ