সাত্তার নাটকে হাওয়া বদলেছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাত্তার নাটকে হাওয়া বদলেছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ

 

সাত্তার নাটকে হাওয়া বদলেছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের। বিএনপি’র পদত্যাগী এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া উপনির্বাচনের মনোনয়ন নিয়েছেন গত রোববার বিকালে। এদিনই এই আসনে প্রতিদ্বন্দ্বিতার উন্মুক্ত ঘোষণা আসে আওয়ামী লীগ থেকে। এতে করে দল-মহাজোটের মনোনয়ন লড়াই শেষ হয়ে গেছে। স্বতন্ত্র নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। যাদের অধিকাংশ আওয়ামী লীগ দলীয়। এ ছাড়া জাতীয় পার্টির আলোচিত জামাই-শ্বশুরও নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগের মনোনয়ন লড়াইয়ে ২০-২২ জন প্রার্থী থাকলেও এখন অনেকে আবার রণভঙ্গ দিয়েছেন। যুবলীগ নেতা মজিবুর রহমান বলেন- উন্মুক্ত নির্বাচন করবো না। মার্কা পেলে করতাম।

এলোমেলো অবস্থা। সবকিছু মিলিয়ে পরিবেশ অনুকূলে নয়। সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান দলের মনোনয়ন কিনে জমাও দিয়েছিলেন। কিন্তু এখন নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান আনসারী বলেন- নির্বাচনে অনেক খেলা আছে। দলীয় মনোনয়ন না হওয়ায় নির্বাচন করবো না। স্বাধীনতা শিক্ষক পরিষদ নেতা শাহজাহান আলম সাজু বলেন- শিক্ষক নেতা এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এনিয়ে বৈঠক করবো। বুঝেশুনেই এগোবো। বুঝতেই পারছেন এখানে অন্য ব্যাপার আছে। তবে নির্বাচনের ব্যাপারে সিরিয়াস গত নির্বাচনে উকিল আবদুস সাত্তারের প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রনেতা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন। তিনি গতকাল আশুগঞ্জে পৌঁছে দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। মঈন বলেন, নির্বাচন করার ব্যাপারে মানুষের অনেক চাপ আছে। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। ২০১৮-এর নির্বাচনে মঈন উদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে ৭৫ হাজার ৪১৯ ভোট পান, সেই সময়ে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন বিএনপি’র উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু সরাইলে গতকাল উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন। জানান, ৫ই জানুয়ারি মনোনয়নপত্র জমা দেবেন তিনি। সরাইল যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মন্তুও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বলেন, নির্বাচন করবো। এমন সুযোগ আর আছে? এদিকে জাতীয় পার্টির জামাই-শ্বশুর দু’জনেই প্রস্তুত নির্বাচনের জন্য। মহাজোটের মনোনয়ন পাওয়ার প্রতীক্ষায় থাকা সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ওপেন করে দেয়ায় সুবিধা হয়েছে, আমি নির্বাচন করবোই। এরইমধ্যে জাতীয় পার্টি তাদের দলের মনোনয়ন দিয়েছে মৃধার আপন মেয়ের জামাতা এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে। তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুসারে যা করার করবো। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি নির্বাচন করার ব্যাপারে মানসিক প্রস্তুতি রেখেছেন। মনোনয়ন ফরমও পূরণ করেছেন।
দলীয় সিদ্ধান্তে গত ১১ই ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপি’র উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তার পদত্যাগে শূন্য হয় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। তফসিল অনুসারে ১লা ফেব্রুয়ারি হবে ওই শূন্য আসনের ভোট। ৫ই জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। বাছাই ৮ই জানুয়ারি আর প্রত্যাহার ১৫ই জানুয়ারি। পদত্যাগের পর গত ২৯শে ডিসেম্বর দল থেকেও পদত্যাগ করেন বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ঢাকায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লিখিত পদত্যাপত্র জমা দেন তিনি। এরপরই নতুন আলোচনা শুরু হয়। তিনি স্বতন্ত্র হতে পারেন এমন আলোচনার মধ্যে গত রোববার বিকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেয়া হয় তার পক্ষে। আবদুর রশিদ নামের একজন মনোনয়নপত্রটি নেন। এদিকে গতকাল দুপুরে সরাইল বিএনপি এক সাংবাদিক সম্মেলনে তাকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করে। এ সময় স্থানীয় বিএনপি নেতারা বলেন, ছেলের প্ররোচনায় তিনি এসব করছেন। গত ৪ বছরে সরাইলে রাজনৈতিক-সামাজিক কর্মকাণ্ডে তাকে দেখা যায়নি।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে গতকাল পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ১২ জন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জিয়াউল হক মৃধা, মঈন উদ্দিন মঈন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, কামরুজ্জামান আনসারী, ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী, আবু আসিফ আহমেদ ছাড়াও অপরিচিত মুখ কয়েকজন মনোনয়ন ফরম নিয়েছেন। তারা হচ্ছেন- সরাইলের চুন্টার লোপাড়ার মো. আবদুর রহিম, আইড়লের মো. রাজ্জাক হোসেন, নতুন হাবলীর মো. আশরাফ উদ্দিন, জহিরুল ইসলাম জুয়েল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ