প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আহতদের প্রতি ছাত্রলীগের সমবেদনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আহতদের প্রতি ছাত্রলীগের সমবেদনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ছাত্রলীগ। আজ শনিবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে ছাত্রলীগের দুই নেতা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ ঘটনায় আহত জাতীয় নেতা, সাবেক-বর্তমান নেতাকর্মী, সংবাদমাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের প্রতি ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।

বিবৃতিতে আরও বলা হয়, শোভাযাত্রাটিকে সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে সমাপ্ত করায় ছাত্রসমাজ ও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতি তাদের প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে অশুভ-অসুর-অন্ধকারের শক্তি এবং সন্ত্রাসী-খুনি-জঙ্গিবাদের দোসরদের বিরুদ্ধে ইস্পাত দৃঢ়ভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার ছাত্রলীগকে মুগ্ধ করেছে, অনুপ্রেরণা দিয়েছে। যে শক্তিশালী, অদম্য ও আদর্শিক মনোবল নিয়ে সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নান্দনিকভাবে শোভাযাত্রাটি শেষ করা হয়েছে, সে শক্তিই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনের পথচলার প্রেরণা, বিজয় কেতনের পূর্বাভাস।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতে আরও যত্নশীল ও সতর্ক থাকার শপথ গ্রহণ করছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এ আয়োজনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে।

ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ