কারামুক্ত হলেন এ্যাডভোকেট শামসুর রহমান শিমুলবিশ্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় গ্রেফতার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন।
এই জামিন আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এর আগে, ৭ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে শিমুল বিশ্বাসসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উস্কানির অভিযোগে গত ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করা হয়। ১০ জিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে গ্রেফতারকৃত নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,আবদুস সালাম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন প্রমুখ নেতারা জামিন পেয়েছেন। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন দেয়নি আদালত।
এদিকে গত ১১ জানুয়ারি মারা যান শিমুল বিশ্বাসের মা খাদেজা বিশ্বাস। পরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন বিএনপির এই সিনিয়র নেতা।
জনতার আওয়াজ/আ আ