নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই : শেখ ছালু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। তিনি বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গণতন্ত্র বিকাশ মঞ্চ দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশগ্রহণ করবে।’
আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ ছালু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদ এবং রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে এনপিপির নেতৃত্বাধীন ১৭ দলীয় জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের উদ্যোগে এই সমাবেশ হয়।
শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ‘গণতন্ত্র বিকাশ মঞ্চের মূল চেতনা হচ্ছে গণতন্ত্রকে সুসংহত ও প্রতিষ্ঠা করা। আমরা উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাস করি, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পছন্দ করি না। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার এবং অপরাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শান্তির রাজনীতি, দেশের উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাস করি।
‘ইদানীং দুর্নীতিতে দেশ একধাপ পিছিয়ে গেছে। সার কেলেঙ্কারি, ওয়াসার দুর্নীতি, বেসিক ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক পর্যন্ত সীমাহীন দুর্নীতি দেশকে একধাপ পিছিয়েছে এবং দুবাই, কানাডা ও মালয়েশিয়ায় সরকারি কর্মকর্তা এবং কিছু অসৎ রাজনীতিবিদ ও অসৎ ব্যবসায়ী টাকা পাচার করে বাড়ি কিনেছে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনি যদি এই দুর্নীতির বিচার করতে না পারেন, তাহলে কেউ বিচার করতে পারবে না। তাই বলব, যারা সত্যিকারের দোষী তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, তাহলে দুর্নীতি ৫০% কমে যাবে এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
শেখ ছালু জনস্বার্থে বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানান। তিনি বলেন, ‘জনগণ যদি ভোটকেন্দ্রে যায়, তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে। আমরা গণতন্ত্র বিকাশ মঞ্চ সেই লক্ষ্যে কাজ করছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন—গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মো. ইদ্রিস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, মো. আব্দুল হাই সরকার, শেখ আবুল কালাম, আশা সিদ্দিকা, মো. আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, শেখ জামাল উদ্দিন, সেলিম মাহমুদ, মো. ইমরুল কায়েস, ফেরদৌসী আক্তার (নীলা মল্লীক), এনপিপির কেন্দ্রীয় নেতা খোশাল খান, জাবেদ কামাল, মেহেদী হাসান রনি, মো. কামাল পাশাসহ অনেকেই।
জনতার আওয়াজ/আ আ