ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে রাবি অধ্যাপকের অনশন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে রাবি অধ্যাপকের অনশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ

 

শিক্ষাঙ্গনে ছাত্রলীগের চরম নৈরাজ্য-নিপীড়নের প্রতিবাদে প্রতীকী অনশন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জ্বোহা চত্বরে সকাল ১০টায় অনশন শুরু করেন তিনি। আজ বিকেল ৫টা পর্যন্ত এ অনশন চলবে বলে জানান তিনি।

অনশনের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ খান বলেন, ‘দেশজুড়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর একের পর এক নিপীড়ন আর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদের আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এটি মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘আমরা এর আগেও আন্দোলন করছি। দিনে দিনে এটি ব্যাপকতা লাভ করছে। একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে আমি বুঝি যাদের সন্তানরা ক্যাম্পাসে পড়ে, তারা এ ধরনের সংবাদ দেখে কতটা হতাশ হয়, দুশ্চিন্তা করে।’

তিনি আরও বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাদেরও বিচারের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকারকেও ভাবা উচিত দেশের শিক্ষাঙ্গনে যারা দেশ গড়ার কারিগর, তাদের ওপর এ ধরনের নির্যাতন হচ্ছে। পৃথিবীর আর কোনো দেশে কি একজন শিক্ষার্থী তার সহপাঠীর সঙ্গে এমন আচরণ করে? এটি চরম দুঃখজনক। এই নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করেছি।

প্রসঙ্গত, গত রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানের নেতৃত্বে কৃষ্ণ রায় নামের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এ সময় তাকে মারধর করে শিবির বলে চালিয়ে দেওয়ারও হুমকি দেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ