ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের লড়াইকে জোরদার করার আহ্বান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের লড়াইকে জোরদার করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

 

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের লড়াইকে আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। এই লড়াইয়ে সারা দেশের মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এক সংবর্ধনা সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাঁচ মাস কারাভোগের পর সদ্য জামিনে কারামুক্ত হন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় নেতা প্রীতম দাশ। এ উপলক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

হাসনাত কাইয়ূম বলেন, বাংলাদেশে আজ রাষ্ট্র সংস্কারের রাজনীতি ছাড়া অন্য সব রাজনৈতিক আলাপ ফিকে হয়ে গেছে। তাই রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে এগিয়ে নিতে হবে। আর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের লড়াইকে রাষ্ট্র সংস্কারের লড়াইয়ে পরিণত করতে হবে।

তিনি বলেন, প্রীতম দাশ, দিদারুল ভুঁইয়ারা জেল-জুলুমের পরেও আরও দুর্বার গতিতে লড়াইয়ে মাঠে ফিরেছে এইটা রাষ্ট্র সংস্কারের রাজনীতির শক্তি। আমরা পাচারের সংস্কৃতির বিপরীতে পাচার বন্ধ করার ব্যবস্থা, নিপীড়ন-নির্যাতনের বিপরীতে মর্যাদার বাংলাদেশ, এক ব্যক্তির হাতে রাষ্ট্রের সব ক্ষমতার বিপরীতে জবাবদিহিতার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই লড়াইয়ে সারাদেশের মানুষকে যুক্ত হতে হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী সরকারের ক্ষমতার দুর্ব্যবহার যেখানে জনমনে ভয়ের মাত্রা বাড়িয়ে চলেছে, সেখানে প্রীতম দাশদের দুঃসাহস আমাদের বিভেদ ভুলে এক সারিতে দাঁড়িয়ে প্রতিরোধ করবার সাহস যোগায়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনিরুদ্দিন পাপ্পু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, শিক্ষা আন্দোলন সংগঠক রাখাল রাহা, অর্থবিষয়ক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া, দপ্তর সমন্বয়ক নাঈমুল ইসলাম নয়ন, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সমন্বয়ক শাহ আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকা জেলা কমিটির সমন্বয়ক শাহাবুদ্দিন কবিরাজ লিটন, মহানগর দক্ষিণ কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামুনসহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ