নীলফামারীতে বিএনপির মঞ্চ ভেঙ্গে ছাত্রলীগের উল্লাস - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নীলফামারীতে বিএনপির মঞ্চ ভেঙ্গে ছাত্রলীগের উল্লাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিএনপির ১০ দফা দাবিতে পদযাত্রার সমাবেশস্থলের চেয়ার ভাঙ্চুর, ব্যানার ছিড়ে ফেলে মঞ্চ দখলসহ নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পৌর সুপার মার্কেটের দক্ষিণ প্রান্তে অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে বিএনপির পদযাত্রা সমাবেশ, অন্যদিকে মার্কেটের উত্তর প্রান্তে আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে উত্তেজনা দেখা দেয়।

একই এলাকায় দুই দলের সমাবেশ নিয়ে শুক্রবার থেকেই শহর জুড়ে উদ্বেগের দেখা দেয়। আজ শনিবার সকাল ১১টার পর পরেই আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়। সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির সিনিয়র নেতারা মার্কেটের অপর প্রান্তের মঞ্চে অবস্থান নেয়। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বিএনপির কার্যালয়ে আসার সময় বাজার ট্রাফিক মোড়ে পুলিশি বাধার সম্মুখিন হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ আপেল বলেন, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। কিন্তু কর্মসূচির নামে তারা দেশ বিরোধী স্লোগান ও প্রধানমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করছিল। আমরা তাদের হামলা করিনি, তাদের সরিয়ে দিয়েছি। যাতে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক অভিযোগ করে বলেন, আমাদের সমাবেশ চলা অবস্থায় অপর প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক শ্লোগান দেয় বিএনপি। আমরা তাদের শান্ত হতে বলি।

এদিকে জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমঙ্গীর সরকার অভিযোগ করে বলেন, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সভা মঞ্চে আসতে থাকে। আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ না করে পরিকল্পিতভাবে বিএনপি অফিসের পার্শ্বে সমাবেশের আয়োজন করে।

হঠাৎ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি-শোটা নিয়ে আমাদের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সামনেই বিএনপির মঞ্চে থাকা চেয়ার ভাঙ্চুর ও ব্যানার ছিড়ে ফেলে। দুপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ হওয়ার পরে বিএনপি শহরে মিছিল ও সমাবেশ করে বলে জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, দুই দলের কর্মসূচিকে ঘিরে আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রেণে আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ