এই সরকার পালানোর পথও খুঁজে পাবে না: যুবদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৮, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৮, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, গ্রেফতার করে, নির্যাতন করে আমাদের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। বরং তা আরো স্ফুলিঙ্গের আকার ধারণ করবে। সেই আগুন ঝড়ানো আন্দোলনে এই সরকার পালানোর পথও খুঁজে পাবে না। যুবদলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। একজন মোনায়েম মুন্নাকে গ্রেফতার করে আমাদের মনোবল দুর্বল করা যাবে না।
বুধবার (৮ মার্চ) রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিারাপুল ঘুরে আবারো কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
টুকু বলেন, বিএনপির একজন নেতাকর্মী যতক্ষণ বাইরে আছে, জীবীত আছে ততক্ষণ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে। আমাদের শেষ কর্মীই সেই আন্দোলনের হাল ধরবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত আছি।
এ সময়ে তিনি ২দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে আজ সারাদেশে জেলা পর্যায়ে এবং ১৫ মার্চ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।
মিছিলে সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, মাহবুবুল হাসান ভূইয়া পিংকু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ