সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ব্যবহার উপযোগী করতে ৫ সুপারিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিকে ব্যবহার উপযোগী করতে পাঁচটি সুপারিশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কারিগরি কমিটি। এ–সংক্রান্ত একটি প্রতিবেদন আজ সোমবার রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞার কাছে জমা দেওয়া হয়েছে। কারিগরি কমিটির আহ্বায়ক ও রাজউকের সদস্য মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারে একটি সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ২৪ জন মারা যান ও অনেকেই আহত হন। ক্ষতিগ্রস্ত ভবনটি আর ব্যবহার করা যাবে কি না, জানতে মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরীকে আহ্বায়ক ও রাজউকের ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার রংগন মণ্ডলকে সদস্যসচিব করে ছয় সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের দুজন অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী ও রাকিব আহসানও ছিলেন। ভবনটি কয়েক দফা পরিদর্শন করে প্রতিবেদনটি তৈরি করেছে কমিটি।
জনতার আওয়াজ/আ আ