বগুড়ায় স্কুলের প্রধান শিক্ষিকাকে বদলী (ওএসডি)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৬:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৬:৪৯ পূর্বাহ্ণ

বিচারকের পর এবার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভি এম) এর প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুনকে বদলী করা হয়েছে। তাকে ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক-১ শাখার সহকারি পরিচালক দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
ওই চিঠির মন্তব্যের ঘরে লেখা হয়েছে ‘জনস্বার্থে’ এই বদলি করা হয়েছে। একই সঙ্গে গতকাল অপরাহ্ন হতেই তাকে ‘তাৎক্ষণিক বগুড়ার কর্মস্থল হতে বিমুক্ত বলে গণ্য করা হবে’ বলেও উল্লেখ রয়েছে।
বিষয়টি বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ঝাড়ু দেয়া নিয়ে এক শিক্ষার্থীর সাথে বিচারকের মেয়ের বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে গত ২১ মার্চ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের উপস্থিতিতে এক নারী বিচারকের পা ধরে শিক্ষার্থীর মাকে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনা ঘটে। এর
প্রতিবাদে ওইদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এরপর ২১ মার্চ সকাল ১১ টার দিকে প্রধান শিক্ষককে ডাকে ৪ শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ে আসেন। সেই সময় ওই বিচারক শিক্ষার্থী ও অভিভাবকদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে জেলে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ সময় এক অভিভাবককে বিচারকের পা ধরে ক্ষমা
চাইতে বাধ্য করার অভিযোগও পাওয়া যায়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
এই ঘটনার পরে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই বিচারক তথা অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিনকে গত ২৩ মার্চ ঢাকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ওই মন্ত্রণালয়ের (প্রশাসন ও বিচার) বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে ওই বিচারকের বদলির আদেশ দেওয়া হয়।
এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিনকে প্রধান করে ৩ সদস্যের কমিটিকে ঘটনা তদন্তের নির্দেশ দেন জেলা প্রশাসক।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন প্রকাশ করবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জনতার আওয়াজ/আ আ