টাঙ্গাইলের ঘাটাইল থানার ওসির বিরুদ্ধে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ২:৩৬ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ ধলাপাড়া এলাকায় ভূক্তভোগী ওই গ্রামের আরিফ মিয়ার স্ত্রী শাহিদা ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে আরিফ মিয়ার চাচা আ: মালেক, আ: ছালাম, আবুল হোসেন, জালাল উদ্দিন, আব্দুল হকসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
জানা যায়, ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম দক্ষিণ ধলাপাড়া গ্রামের মৃত মহসিন মিয়ার ছেলে আরিফ মিয়া ও তার স্ত্রী শাহিদা আক্তারের বিরুদ্ধে তার সৎ মা খোদেজা বেগমকে দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসী আরিফ দীর্ঘ ২০ বছর প্রবাস থেকে কষ্টার্জিত অর্থ দিয়ে তার পৈত্রিক সম্পত্তির উপর পাকা ভবন তৈরি করেন। সম্প্রতি তিনি ফিরে আসলে ঘাটাইল থানার ওসি কৌশলে তার সৎ মা খোদেজা বেগমকে বাদী বানিয়ে তাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দায়ের করেন।
তারা আরও জানান, কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বাড়ি থেকে ডেকে নিয়ে আটকে রেখে পরে মামলা রেকর্ড করে তাদেরকে আদালতে প্রেরণ করেন। পরদিন ওই মামলায় জামিন পেয়ে বাড়িতে আসলে আরিফকে ফোনে থানায় ডেকে নিয়ে তিন ঘণ্টা আটকে রেখে ওসি পাসপোর্ট জমা দিতে বলেন। ওসি আরিফের পাসপোর্ট আটকে দিবে এবং হয়রানি করবে বুঝতে পেরে কৌশলে আরিফ দেশ ত্যাগ করেন।
ভূক্তভোগী শাহিদা আক্তার বলেন, ‘ওসি আমার স্বামীর নির্মিত ভবন থেকে আমাদের জোরপূর্বক বিতাড়িত করে। এছাড়াও প্রতিদিন পুলিশ এসে শাসিয়ে যায়। ওসির নির্যাতনের ভয়ে আমার স্বামী দ্রুত বিদেশে চলে যান।’
অভিযোগ অস্বীকার করে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, নিয়মিত মামলা হিসেবে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিলো। পরে তারা জামিনে এসে আরিফ বিদেশ চলে গেছে। আমি কারও ঘর দখল করে দেইনি বলেও তিনি জানান।
জনতার আওয়াজ/আ আ