প্রথমবার বাবা-মা’র সঙ্গে লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা দেখবেন শাকিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ

দুই যুগ ধরে অভিনয়জীবনে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। এর মধ্যে অভিনয়জীবনের শুরু থেকে ৪৬টির মতো ঈদ উৎসব পেয়েছেন শাকিব খান। তবে আজ পর্যন্ত কোনো ঈদে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে তার কোনো ছবি দেখেননি শাকিব।
এবারই প্রথম বাবা-মাকে সঙ্গে নিয়ে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি প্রেক্ষাগৃহে বসে দর্শকের সঙ্গে উপভোগ করবেন তিনি।
এবারের ঈদে দেশের ১০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি। তপু খান পরিচালিত ছবিটি এরই মধ্যে আলোচনায় এসেছে। হল বুকিংয়েও সবচেয়ে বেশি এগিয়ে আছে ছবিটি।
এ বিষয়ে শাকিব খান বলেন, লিডার: আমিই বাংলাদেশ ছবিটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো। আমি বিশ্বাস করি, প্রেক্ষাগৃহেও ছবিটি সবাই দারুণভাবে উপভোগ করবেন। তাই তো আমি মা-বাবা, বোন, আত্মীয়, পরিজন ও বন্ধুবান্ধবকে নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাব। বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করবে আমাদের লিডার।
জনতার আওয়াজ/আ আ