কাল ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে ৮ চুক্তি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাল ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে ৮ চুক্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

 

আগামীকাল মঙ্গলবার ১৫ দিনের সরকারি সফরে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকালে টোকিওর সঙ্গে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ঢাকা।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর (বাংলাদেশ ও জাপান) উপস্থিতিতে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।’

তিনি আরও বলেন, জাপান সফরকালে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল ৭টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবং একই দিন বিকেল ৫টায় (স্থানীয় সময়) টোকিও পৌঁছাবেন।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি চুক্তি স্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে বৈঠকটি শেষ হবে।

জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন ও একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

মোমেন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করবেন। প্রধানমন্ত্রী ১ মে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারত্বের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন।

মোমেন আরও বলেন, ৪ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন। আগামী ৮ মে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও বক্তব্য দেন।
বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ